নোয়াখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংগৃহীত ছবি

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার মোরশেদ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে শিক্ষার্থীরা পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

 

বৃহস্পতিবার দিনভর বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, পাশাপাশি অভিভাবকরা অংশগ্রহণ করেন। তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৩টি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেন। অভিযোগের মধ্যে রয়েছে—বেতন বন্ধ রাখা, কারণ দর্শানোর নোটিশ দেওয়া, নিরাপত্তা প্রহরী ও আয়া নিয়োগে ঘুষ গ্রহণ, কম্পিউটার ল্যাব ও নতুন ভবনের আসবাবপত্র বিক্রি বা আত্মসাৎ, এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় এবং শিক্ষা অফিস থেকে বরাদ্দ টাকা আত্মসাৎ।

বিক্ষোভকারীরা ‌‌দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণ চাই এবং বিদ্যালয়ের পরিবেশ সুরক্ষিত হোক শ্লোগান দেন। আন্দোলনের কারণে গত চারদিন ধরে বিদ্যালয় বন্ধ রয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক গোলাম সারওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্ররা যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি চাইলে সকল ডকুমেন্ট দেখাতে পারি। বিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা একটি পক্ষ করছে।

স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা শিক্ষা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে পরিস্থিতি খতিয়ে দেখা এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়।