গজারিয়ায় দিনেদুপুরে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ ৭ লাখ টাকার মালামাল লুট
প্রতিকি ছবি
মুন্সীগঞ্জের গজারিয়ায় দিনে ঘরের তালা ভেঙে সাড়ে তিন ভরি স্বর্ণ, ১৪টি সিসি ক্যামেরা ও নগদ ৫০ হাজার টাকাসহ আনুমানিক ৭ লাখ টাকার মালামাল চুরি করেছে সংঘবদ্ধ চোরচক্র।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের কেরামত আলি সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে ।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, কেরামত আলি সরকার সকালে কাজে বের হন। তার ছেলে ও স্ত্রী সন্তানদের নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যান। বাসায় ফিরে এসে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ ও মানুষের শব্দ শুনে বিষয়টি আঁচ করেন পরিবারের সদস্যরা।
জুবেলের স্ত্রী বলেন, দরজা বন্ধ দেখে এবং ভেতরে শব্দ শুনে সঙ্গে সঙ্গে স্বামীকে ফোন দেই। কিন্তু এর আগেই তারা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। মাত্র ২০ মিনিটের ব্যবধানে দিনের বেলায় এমন চুরি—কি বলবো, বুঝতে পারছি না।
এ ঘটনায় গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, ঘটনার বিষয়ে আমি এখনো অবগত নই। তবে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।