আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ

আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ

ফাইল ছবি

আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ ২৪ জানুয়ারি (শনিবার)। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শিক্ষার যৌথসৃষ্টিতে তরুণদের শক্তি’। যেখানে তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৮ সালের ৩ ডিসেম্বর এই দিনটিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করে। ঘোষণায় উল্লেখ করা হয়, শিক্ষা শান্তি, উন্নয়ন ও মানবিক অগ্রগতির মূল ভিত্তি। সেই থেকে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন (বিএনসিইউ) ও ইউনেস্কো ঢাকা অফিস যৌথভাবে নিয়মিতভাবে দিবসটি পালন করে আসছে।

আন্তর্জাতিক শিক্ষা দিবস উদ্‌যাপন উপলক্ষে বেলা ১১টায় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের চেয়ারপারসন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং বিএনসিইউ সেক্রেটারি জেনারেল রেহানা পারভীন।

এ ছাড়া বিএনসিইউ এর ডেপুটি সেক্রেটারি জেনারেল সারভীনা মনীর চিঠির সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন হেড অব অফিস ও ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ টু বাংলাদেশ মিজ সুজান ভাইজ।