হ্যাঁ ভোট মানেই আগামীর স্বাধীন সাংবাদিকতা: এম. আবদুল্লাহ

হ্যাঁ ভোট মানেই আগামীর স্বাধীন সাংবাদিকতা: এম. আবদুল্লাহ

সংগৃহীত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. আবদুল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট মানে হচ্ছে আমাদের স্বাধীন সাংবাদিকতা। গণতান্ত্রিক রাষ্ট্রের সংস্কার এবং পুনরায় যেন ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সেজন্য ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করতে হবে। স্বাধীন সংবাদমাধ্যম নিশ্চিত করার দায়িত্ব আমাদেরই পালন করতে হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের আয়োজনে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম. আবদুল্লাহ বলেন, এবারের নির্বাচন বিগত তিনটি নির্বাচন থেকে সম্পূর্ণ ভিন্ন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাদার দায়িত্বশীলতা বজায় না রাখলে নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা তৈরি হতে পারে। আবার সঠিক সাংবাদিকতার মাধ্যমেই একটি ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন উপহার দেওয়া সম্ভব। ইলেকট্রনিক মিডিয়ায় বর্তমানে নির্বাচনী সাংবাদিকতার গুরুত্ব ও দায়বদ্ধতা অনেক বেশি।

বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ১৯৮৮ সালের পর এই প্রথম বড় একটি দল (আওয়ামী লীগ) বিহীন নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের মেরুকরণ এখন সম্পূর্ণ ভিন্ন। তিনি সাংবাদিকদের সতর্ক করে বলেন, একটি বৃহৎ শক্তি নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করতে পারে। ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া ভিডিও দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করার অপচেষ্টা হতে পারে। যেকোনো তথ্য প্রচারের আগে বারবার যাচাই করতে হবে যাতে গণতন্ত্রের যাত্রা হোঁচট না খায়।

ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি ও সময় টিভির সিনিয়র রিপোর্টার আতিয়ার সজলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি (চ্যানেল আই), মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া (ডিবিসি নিউজ), আজাদ মালদার (আর টিভি) এবং শওকত মাহমুদ (বিটিভি)।

যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি সমীর উদ্দিন ভূঁইয়া (ইন্ডিপেন্ডেন্ট টিভি)। অনুষ্ঠানে ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।