দেশের উন্নয়নে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই

দেশের উন্নয়নে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই

সংগৃহীত ছবি

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং সার্বিক উন্নয়নের জন্য বিএনপির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, একমাত্র বিএনপিই এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সক্ষম।

শনিবার সকালে সোনাগাজী উপজেলার কারামতিয়া বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশকে এগিয়ে নিতে এবং মানুষের কল্যাণ নিশ্চিত করতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারলেই বাংলাদেশ প্রকৃত অর্থে সোনার বাংলায় রূপান্তরিত হবে।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিকভাবে জনসমর্থনে পিছিয়ে থাকলেও কূটকৌশল ও ষড়যন্ত্রে এগিয়ে রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন এবং বিএনপি সরকার গঠন করে, তাহলে দাগনভূঞা ও সোনাগাজীর উন্নয়নে কোনো কার্পণ্য করা হবে না। শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থাসহ মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, আবুল কালাম চেয়ারম্যান এবং সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাসহ দলীয় নেতাকর্মীরা।