ফরিদপুরের সদরপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল শিশুর
প্রতিকী ছবি
ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রোহান খাঁন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত রোহান ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ওয়াজ হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দা প্রবাসী জালাল খানের ছেলে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, রোহান রাস্তা পারাপারের সময় দ্রুতগতি সম্পন্ন একটি মোটরসাইকেলের সঙ্গে প্রচণ্ড ধাক্কা লেগে পড়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলিয়া জাহান আঁচল রোহানকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মোটরসাইকেলটি নিয়ে চালক পালিয়ে যায়।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ্ বলেন, নিহতের পরিবার থেকে কোনো মামলা দায়ের করা হয়নি, তবে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।