ফরিদপুরে অনুমোদন পেল ১৮ হাজার পোস্টাল ভোটার
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে প্রায় ১৮ হাজার পোস্টাল ভোটারকে ভোটাধিকার প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। তাদের নিবন্ধন বৈধ হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার চারটি আসনের পোস্টাল ব্যালট বাক্সগুলো তালাবদ্ধ করা হয়। পরে এ তথ্য সাংবাদিকদের জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস।
তিনি জানান, জেলার চারটি আসন থেকে ১৮ হাজার ১০৮ জন রেজিস্ট্রেশন করেন, যার মধ্যে ১০৮টি রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হয় এবং ১৭ হাজার ৯৮৮ জন পোস্টাল ভোটারের অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে অনুমোদিত পুরুষ ভোটার রয়েছে ১৬ হাজার ১১৯ ও নারী ভোটার রয়েছে এক হাজার ৯৭৭টি।
এদের মধ্যে ফরিদপুর-১ আসনে মোট ভোটার রয়েছে ৪ হাজার ৮৬১, ফরিদপুর-২ আসনে ৩ হাজার ৫৫১, ফরিদপুর-৩ আসনে ৩ হাজার ৮৪৫ ও ফরিদপুর-৪ আসনে ৫ হাজার ৭৩১টি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস সাংবাদিকদের বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রার্থীদের এজেন্টদের সামনে খোলা হবে ব্যালটবাক্সগুলো।
তালবদ্ধকরণের সময়ে প্রার্থীদের প্রতিনিধি ওয়ানটাইম লক ও বক্সগুলোর নাম্বার তুলে নিয়েছেন। বক্সগুলো খোলার সময় প্রতিনিধিদের সামনেই এই নাম্বারগুলো মিলিয়ে নেওয়া হবে।
এ সময় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও নির্বাচন অফিসের কর্মকর্তা, ফরিদপুর ৪টি আসনের প্রার্থীদের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।