ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এজেন্ট ব্যাংকের ২৪ লাখ টাকা ছিনতাই

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এজেন্ট ব্যাংকের ২৪ লাখ টাকা ছিনতাই

প্রতিকি ছবি

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি এজেন্ট ব্যাংকের ২৪ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

রবিবার বিকেল সোয়া ৪টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তার কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে। 

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ ঘটনার জানান, ভোগড়া বাইপাসের একটি এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ২৪ লাখ টাকা ওই ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমানসহ তার এক সহকারী। বিকেল সোয়া ৪টার দিকে তারা ব্যাগ ভর্তি টাকা নিয়ে চান্দনা চৌরাস্তা কাঁচা বাজারের পশ্চিম পাশে কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে এসে পৌঁছায়।

তিনি জানান, এ সময় ২-৩টি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। একপর্যায়ে তারা কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে টাকা বহনকারীদের মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।