বিএনপি কখনও জনগণকে বিপদে ফেলে পালায়নি: ড. মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি এই দেশের মানুষ ও মাটির প্রতি দায়বদ্ধ। দেশের মানুষকে বিপদে ফেলে বিএনপি নেতারা কখনও দেশ ছেড়ে পালিয়ে যায়নি।
সোমবার দাউদকান্দি পৌর এলাকার নাগেরকান্দি ও দোনারচর-সবজিকান্দিতে উঠোন বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ড. মোশাররফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে মানুষ নিরাপদ ও সুখী থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া ও বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিরা জনগণের রোষের ভয়ে দেশ থেকে পালিয়েছে। তাদের দেশে প্রকাশ্যে বের হওয়ার সাহস নেই। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। চলতি দিনে তারা দাউদকান্দি পৌর এলাকা ও গোয়ালমারী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করেন।