ভোটের মাঠে ধর্মের অপব্যবহার করছে একটি দল: আবদুল আউয়াল মিন্টু
সংগৃহীত ছবি
ফেনী–৩ আসনে বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু অভিযোগ করেছেন, নিশ্চিত পরাজয় জেনে একটি দল ভোটের জন্য ধর্মের অপব্যবহার করছে।
তিনি বলেন, বিএনপির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ভীত হয়ে তারা ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যা সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে।
সোমবার দাগনভূঞা উপজেলার রামনগর ও সিন্দুরপুর এলাকায় পথসভায় এসব কথা বলেন তিনি।
মিন্টু আরও বলেন, যারা ধর্মের অপব্যবহার করে জনমনে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না। প্রতিপক্ষ দল বিভিন্ন অপকৌশল অবলম্বন করছে। তারা সহজ-সরল ধর্মপ্রাণ মানুষের কাছে জান্নাতের নিশ্চয়তা দেওয়ার মতো শিরকি কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বুঝিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে তারা। এসব বিদআতি ও বিভ্রান্তিকর কার্যক্রম রুখে দিতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পথসভায় আরও বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক রিপন, বিএনপি নেতা খুরশীদ আলম, দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।