বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই : জুনায়েদ আল হাবিব

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই : জুনায়েদ আল হাবিব

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপি জোট প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব বলেছেন, বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র প্রার্থী হলে এলাকায় তাঁর কোনো অবস্থান থাকে না।

সোমবার (২৬ জানুয়ারি) সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেওড়া গ্রামে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে পেশিশক্তি ও কালো টাকা ছড়ানোর যে অভিযোগ তোলা হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেন।

জুনায়েদ আল হাবিব বলেন, এ আসনে সব প্রার্থী নিজ নিজ অবস্থান থেকে কোনো ধরনের বাধা ছাড়াই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ভোটের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক থাকায় প্রশাসনও কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ফলে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব কিংবা আমার বিরুদ্ধে পেশিশক্তি ও কালো টাকা ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন।

তিনি আরও বলেন, বৃহৎ রাজনৈতিক দল বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে এলাকায় তার কোনো রাজনৈতিক অবস্থান থাকে না—এটাই বাস্তবতা।

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি যে ধরনের অভিযোগ তুলছেন, সেগুলো সাধারণত কোনো বড় রাজনৈতিক দলের প্রধানই দেশের ৩০০ আসন নিয়ে করতে পারেন। অথচ অন্য কোনো প্রার্থী এমন অভিযোগ করছে না। মূলত পরাজিত ও ফ্যাসিবাদী শক্তির ইন্ধনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।

গণসংযোগকালে তিনি ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে তাদের কথা শোনেন। পরে তিনি এসব সমস্যার সমাধানে কাজ করার পাশাপাশি অবহেলিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সার্বিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এ সময় তার সঙ্গে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।