৩০ জানুয়ারি লক্ষ্মীপুরে যাচ্ছেন জামায়াত আমির
সংগৃহীত ছবি
আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) লক্ষ্মীপুর সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। তার আগমন উপলক্ষে জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা জানান, নির্বাচনী সফরের অংশ হিসেবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুর সফরে আসছেন। সফরকালে তিনি বিকাল ৩টায় শহরের আদর্শ সামাদ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ জনসভায় ডাকসু ও জাকসুর ভিপিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
তারা আরও জানান, অনুষ্ঠেয় জনসভায় প্রায় দুই লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন জামায়াত নেতৃবৃন্দ।