ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে আহত-৫, আতঙ্কে পথচারীরা
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় থেকে কাউতলী মোড় পর্যন্ত এলাকায় কুকুরের কামড়ে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকার পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বুধবার দুপুর পর্যন্ত ওই এলাকায় পাঁচজনকে কুকুর কামড়েছে বলে জানা গেছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা শহরের মধ্য মেড্ডার সবুজবাগ এলাকার বাসিন্দা মো. ফিরোজ মিয়া (৫২) বলেন, একটি পাগলা কুকুর ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষককে কামড় দেয়। এরপর কুকুরটি এসে আদালতের সামনে দাঁড়ানো অবস্থায় আমার হাঁটুতে কামড় দেয়। আমাকে কামড় দিয়ে আমার সামনে থাকা আরও তিনজনকে কামড় দিয়ে চলে যায়।
তিনি অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কুকুর কামড় দেওয়ার প্রতিষেধক কোনো ভ্যাকসিন নেই। আমরা শহরের ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে এনেছি।
শহরের জেলা পরিষদ এলাকার বাসিন্দা মাঈনুদ্দিন রুবেল বলেন, রাত হলেই কুকুরের উপদ্রব বেড়ে যায়। রাত ১০টার পর পাড়া-মহল্লার মোড়গুলোতে ১০-১৫টি করে কুকুর দাঁড়িয়ে থাকে। কুকুরের সামনে দিয়ে পথ অতিক্রম করতে গেলেই ভয়ে থাকতে হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ডগ বাইট ভেক্সিলেশনের দায়িত্বরত সিনিয়র নার্স শহনাজ বেগম বলেন, আজ ৭৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭ জন কুকুর ও ১৩ জন বিড়ালের কামড়ে আহত রোগী এসেছে।
ভ্যাকসিন না থাকার বিষয়ে তিনি বলেন, সরকারিভাবে সরবরাহ না থাকায় দেওয়া যাচ্ছে না।