জবিতে আইকিউএসি’র আধুনিকীকরণ কৌশল নিয়ে কর্মশালা

জবিতে আইকিউএসি’র আধুনিকীকরণ কৌশল নিয়ে কর্মশালা

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ কৌশলের বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিনি কনফারেন্স হলে স্টেকহোল্ডারদের জন্য ‘আইকিউএসি ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড মর্ডানাইজেশন স্ট্র্যাটেজিস’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি এ ধরনের ব্যতিক্রমধর্মী ও কার্যকর কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি অংশগ্রহণকারীদের সুচিন্তিত মতামতের মাধ্যমে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

কর্মশালার বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ‘এই কর্মশালাটি সবার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে বিভিন্ন নীতিমালা, রুলস ও রেগুলেশন প্রণয়নে এটি সহায়ক হবে এবং বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের গুণগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।’

কর্মশালায় রিসোর্সপারসন ছিলেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মেজবাহ উল আজম সওদাগর পিএসএসি বিষয়ক সেশন পরিচালনা করেন এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন কেপিআই বিষয়ক সেশন পরিচালনা করেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের বর্তমান চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আইকিউএসি’র সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেন।