গাইবন্ধায় যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত
গাইবন্ধায় যাত্রীবাহী বাস উল্টে ১৫ জন আহত।। প্রতীকী ছবি।
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার উত্তরা ফ্লাওয়ার মিলস সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কের মাঝখানে থাকা বালুর ঢিবির সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে আহত অবস্থায় ১৫ জন যাত্রীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাসুদ রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি অথবা চালকের ঘুমের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও উদ্ধার কাজ শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।