বালুভর্তি ট্রাক থেকে ভারতীয় কসমেটিক্সসহ জিরা জব্দ
ছবি: সংগৃহীত
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স, জিরা ও বাংলাদেশি মশার কয়েল জব্দ করেছে। যার মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুরের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীত ১টি কাভার্ডভ্যান আসতে দেখে গাড়িটি সংকেত দিয়ে থামানো হয়। কাভার্ডভ্যানটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস ও মশার কয়েল জব্দ করা হয়।
এছাড়াও একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে সীমান্ত হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুরের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে বিজিবির টহল দল। পরবর্তীতে ১টি ট্রাক সংকেত দিয়ে থামানো হয়। ট্রাকটি তল্লাশি করে অভিনব কায়দায় বালুর নিচে বস্তাভর্তি লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমাণ জিরা দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিক ভারতীয় জিরাগুলো জব্দ করা হয়। জব্দ করা ভারতীয় চোরাই পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।