সিলেট এমএজি ওসমানী হাসপাতালের শিশু বিভাগে আগুন
সংগ্রহীত ছবি
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের পঞ্চম তলার ২৩ নম্বর ওয়ার্ডে (শিশু সার্জারি) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে ওসমানী হাসপাতলের ৫ম তলার ২৩ নম্বর ওয়ার্ডের শৌচাগারে ধূমপান করে এক ব্যক্তি সিগারেটের জ্বলন্ত অংশ বাইরে ফেলে দেন। কার্নিশে জমে থাকা ময়লার মধ্যে পড়ে তা থেকে আগুন লেগে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে।
ধোঁয়া উড়তে দেখে শিশু বিভাগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন বাড়তে থাকলে ভেতরে অবস্থানরত রোগী, স্বজন এবং চিকিৎসকরা দ্রুত ভবন থেকে নেমে নিচে ও আশপাশের সড়কে অবস্থান নেন। এসময় অনেকে আতঙ্কে চিৎকার করতে থাকেন। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন একজন অ্যাম্বুলেন্স চালক।
কিন্তু ফায়ার অ্যাস্টিংগুইসারের গ্যাসের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই চালকের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে। অগ্নিকাণ্ডের কারণে শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসা সেবা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, ‘২৩ নম্বর ওয়ার্ডে কেউ একজন ধূমপান করে সিগারেট বাইরে ফেলে দিলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আমরা তাৎক্ষণিক আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনও এসেছিল। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম বলেন, ‘ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের কিছু অংশে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’