বাংলা একাডেমি চত্বরে অমর একুশে প্রতীকী বইমেলা আজ

বাংলা একাডেমি চত্বরে অমর একুশে প্রতীকী বইমেলা আজ

সংগ্রহীত ছবি

আসন্ন বইমেলা ঘিরে আজ রবিবার বাংলা একাডেমির নজরুল মঞ্চ চত্বরে বসছে প্রতীকী বইমেলা। একুশে বইমেলা সংগ্রাম পরিষদ এই মেলার আয়োজন করেছে। মেলায় ছোট-বড় অর্ধশত প্রকাশনাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করেছে। মেলায় অমর একুশের গান, আবৃত্তি, নাটক, বক্তৃতা চলবে সন্ধ্যা পর্যন্ত।

একুশের বইমেলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলা একাডেমি কর্তৃপক্ষ তথা সরকার অমর একুশে বইমেলার ধারাবাহিকতা, ইতিহাস ও ঐতিহ্য ভঙ্গ করে ১ ফেব্রুয়ারির পরিবর্তে এ বছর ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এমন সিদ্ধান্ত দেশের হাজার হাজার লেখক, শিক্ষার্থী, পাঠক, সৃজনশীল প্রকাশক, সংস্কৃতিকর্মীসহ ব্যাপক জনগণকে চরমভাবে ক্ষুব্ধ ও হতাশ করেছে।

একুশের বইমেলা এ দেশের মানুষের স্বাধীনতা-স্বাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অর্জন। বায়ান্নর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা ও একুশের চেতনা ধারণ করে প্রতিবছর মাসব্যাপী স্থায়ী অমর একুশে বইমেলা আড়ম্বরের সঙ্গে ১ ফেব্রুয়ারিতে শুরু হয়।

দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ায় অমর একুশে বইমেলা আজ বিশ্বপরিসরেও প্রতিষ্ঠিত এবং গুরুত্ব অর্জন করেছে। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়া সেই মর্যাদা ও গুরুত্বের প্রকাশ। ২০২৬-এ নির্ধারিত সময়ে বইমেলা করতে না পারাটা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গঠিত সরকারকেও প্রশ্নবিদ্ধ করে।

বলার অপেক্ষা রাখে না, বাংলা সাহিত্য-সংস্কৃতির বিকাশে একুশে বইমেলার গুরুত্ব অপরিসীম।

এই মেলা ব্যাপকসংখ্যক লেখক, পাঠক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অমর একুশে বইমেলা এ দেশের সবচেয়ে বড় সৃজনশীল সাংস্কৃতিক উত্সব। এই মেলা ঘিরে ব্যাপক মানুষের অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি এক আনন্দময় সাংস্কৃতিক পরিবেশ, সৃজনশীল কর্মতত্পরতা এবং উদ্দীপনাময় নানা আয়োজন সংঘটিত হয়ে থাকে। জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ-শ্রেণি-নির্বিশেষে সর্বস্তরের মানুষের জন্য বৈচিত্র্যপূর্ণ ও অসাম্প্রদায়িক মিলনস্থল হিসেবে তা আজ খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয় হয়ে উঠেছে।

যোগদানকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে—দি রিয়েল পাবলিশার্স,  সৃজনী, জ্ঞান বিতরণী, নবরাগ প্রকাশনী, অনুজ প্রকাশন, বাড কম্প্রিন্ট অ্যান্ড পাবলিকেশনস, বঙ্গজ প্রকাশন, অন্যপ্রকাশ, কাকলী প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন,  অদিত্য অনিক, অনন্যা, ভিন্নচোখ, তক্ষশীলা, জাগৃতি, শব্দবাড়ি প্রকাশনা, দশমিক, কেন্দ্রবিন্দু, কলি প্রকাশনী,  চিলেকোঠা পাবলিকেশন, লালন বিশ্বসংস্থা, সৌম্য প্রকাশন, লাল পিঁপড়ে, উদীচী, ভ্যানগার্ড পাবলিকেশন, মনুষ্যত্ব বিকাশ কেন্দ্র, জাতীয় সাহিত্য প্রকাশনী, নরসুন্দা প্রকাশনী, নতুন দিগন্ত, আকাশ, সূচীপত্র, আবিষ্কার, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, অনুপম প্রকাশনী, পাঠক সমাবেশ, অনিন্দ্য প্রকাশ, ছায়াবীথি, কৌমুদী প্রকাশনী ইত্যাদি।