নীলফামারী-২ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন জানাল জাতীয় পার্টি

নীলফামারী-২ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন জানাল জাতীয় পার্টি

সংগ্রহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে সমর্থন জানিয়ে উষ্ণ অভ্যর্থনা দিয়েছে জেলা জাতীয় পার্টিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বিশমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান হাবিব লেলিন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা জাতীয় পার্টির সভাপতি রশিদুল আলম, সাধারণ সম্পাদক এ কে এম সাজ্জাদ পারভেজ প্রমুখ।

সভায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন, নীলফামারীর উন্নয়নে ধানের শীষের প্রার্থী তুহিনের বিকল্প নেই।

তাই দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষে ভোট দেওয়া ও প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান তারা। সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের দোরগোড়ায় গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর অঙ্গীকার করেন নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নীলফামারী-২ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি। জনগণের ভোটে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে অগ্রাধিকার দিয়ে মানুষের মৌলিক চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা পার্টির আহ্বায়ক তহিদা জ্যোতি, যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মমিনুর রশিদ সামু, জেলা যুব সংহতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম লিখন, জাতীয় শ্রমিক পার্টির জেলা আহ্বায়ক বজলার রহমান, সদস্য সচিব হাসান আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।