বিএসসি ডিগ্রিধারীদের কোটা বাতিলের দাবিতে নরসিংদীতে মহাসড়ক অবরোধ

বিএসসি ডিগ্রিধারীদের কোটা বাতিলের দাবিতে নরসিংদীতে মহাসড়ক অবরোধ

সংগৃহীত ছবি

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে নরসিংদীতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছে কারিগরি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুলিশ লাইন এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপসহকারী প্রকৌশলী ও সমমানের দশম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা দেওয়া ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি বৈষম্যমূলক। তারা শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে লোকদেখানো দাবি করে অবিলম্বে বিতর্কিত সার্কুলার বাতিলের দাবি জানান।

তাদের দাবির মধ্যে রয়েছে—দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ, সংশ্লিষ্ট বিতর্কিত সার্কুলার বাতিল এবং এ সংক্রান্ত রিটের দ্রুত নিষ্পত্তি।

খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে অবহিত করার আশ্বাস দেন।

পরে প্রশাসনের আশ্বাসে এবং ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দুপুর পৌনে ২টার দিকে প্রায় তিন ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।