যুক্তরাষ্ট্র-রাশিয়াকে ‘নিউ স্টার্ট’ চুক্তি নবায়নের আহ্বান পোপ লিওর
ফাইল ছবি।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের সংখ্যা সীমিতকারী সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট নবায়ন করার জন্য পোপ লিও বুধবার দুই দেশের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ভ্যাটিকানে সাপ্তাহিক সাধারণ সাক্ষাৎকারে প্রথম মার্কিন পোপ লিও, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ‘নতুন অস্ত্র প্রতিযোগিতা এড়াতে সম্ভাব্য সবকিছু করার’ আহ্বান জানান।
২০১০ সালে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা। গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তাব দিয়েছিলেন, চুক্তিটি অনানুষ্ঠানিকভাবে আরো এক বছরের জন্য বাড়ানো যেতে পারে।
তবে বুধবার পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।
পোপ বলেন, ‘এই চুক্তিটি যেন মেয়াদোত্তীর্ণ হতে না দেওয়া হয়—আমি সে বিষয়ে জরুরি আবেদন জানাচ্ছি। ভয় ও অবিশ্বাসের যুক্তির জায়গায় একটি যৌথ নৈতিকতা প্রতিষ্ঠা করা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি, যা সাধারণ কল্যাণের দিকে সিদ্ধান্তগুলোকে পরিচালিত করতে সক্ষম।’
নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়ে গেলে পারমাণবিক অস্ত্রের ওপর আরোপিত অর্ধশতাব্দীরও বেশি সময়ের নিয়ন্ত্রণ ব্যবস্থার অবসান ঘটবে।