নির্বাচনে প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারো ৫ই আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ

নির্বাচনে প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারো ৫ই আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ

নির্বাচনে প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারো ৫ই আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ।। ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিনাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিগত তিনটি নির্বাচনে পুলিশ ও প্রশাসনের কার্যক্রমের কারণে ভোটগ্রহণের সময় অনিয়ম হয়েছে, যা ৫ আগস্টের ঘটনার পুনরাবৃত্তির কারণ হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, প্রশাসনের অনেকেই এখন একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিকদের ক্ষমতায় আসার সুযোগ চান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “এই নির্বাচন ১৪ শহিদ ও বিগত গুম, খুন, নিপীড়নের প্রতিশোধের নির্বাচন। বহু রক্ত ঝরেছে, অনেক স্ত্রী তাদের স্বামী হারিয়েছে, অনেক মা তাদের সন্তান হারিয়েছে। তাই প্রশাসন যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আবারো ৫ আগস্টের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ভবিষ্যত প্রজন্মের জন্য দেশের নিয়ন্ত্রণ ভোট চোরদের হাতে না দিয়ে জনগণের হাতে রাখতে প্রশাসনকেও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আমজাদ হোসাইন আশরাফী-এর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, “গত দেড় বছরে চাঁদাবাজি ও টেন্ডারবাজির টাকা এবার নির্বাচনে ব্যবহার হচ্ছে। তবে জনগণের বিশ্বাস রয়েছে, ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করা হবে।”

নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামের নবীনগর উপজেলা শাখার আমীর মোখলেছুর রহমান, এবং প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর মোঃ মোবারক হোসাইন।

হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকেও সতর্ক করে বলেন, “আমরা লক্ষ্য করেছি, অনেক ক্ষেত্রে মিডিয়া একটি দলের প্রতি পক্ষপাতিত্বপূর্ণ খবর প্রচার করছে। আগামী নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত না করলে জনগণ এবার মিডিয়াকেও লালকার্ড দেখাবে।”

এ সময় নির্বাচনী জনসভাকে ঘিরে বিভিন্ন স্থান থেকে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা মিছিল করে সভাস্থলে যোগ দেন।