বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক: মুশফিকুর

বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক: মুশফিকুর

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, বিএনপি জনগণের কথা বলে। অন্যান্য দল জনগণের কথা কিছু বলে না। তারা বলে বেহেশত-দোজখের কথা। কারণ তারা জানে, ক্ষমতায় আসা তাদের পক্ষে সম্ভব না।

তিনি আরও বলেন, তারা চায় না বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন হোক। কিন্তু বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক।

বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজারে ধানের শীষের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়ন বিএনপির এ আয়োজনে অসংখ্য নেতাকর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। 

মুশফিকুর রহমান আরও বলেন, গত ১৭ বছর ধরে আমরা ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লড়াই করতে করতে মৃত্যুবরণ করেছেন। সেই ভোটের অধিকার আগামী ১২ ফেব্রুয়ারি।

তিনি আরও বলেন, ‘আমরা কাউকে বেহেশত-দোজখ দিতে পারব না। বেহেশত-দোজখ দেওয়ার মালিক আল্লাহ। বাঁচিয়ে রাখার দায়িত্ব আল্লাহর। বিএনপি চায়, জনগণের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে নতুন চিন্তাভাবনা, তা যেন বাস্তবায়ন হয়।’

মুশফিকুর রহমান জনগণকে আহ্বান জানান, ‘সতর্ক থাকতে হবে নির্বাচনের আগে যেন টাকা-পয়সার খেলা না হয়। অনেকে বোরকা পরে এসে আপনাদের ভোট দিয়ে চলে যেতে পারে।’

এ সময় তিনি, কসবা-আখাউড়ার বেকারত্ব, মাদক, দুর্নীতি নিয়ে বক্তব্য দেন। এলাকার রাস্তাঘাটের সমস্যা সমাধানে আশ্বাস দেন। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য, শিক্ষাসহ আটটি অগ্রাধিকার নিয়েও কথা বলেন।

জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মির্জা মারুফ।