৫০তম বিসিএস প্রিলির ফলাফল কবে, জানালো পিএসসি
ফাইল ছবি
গত ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষ হতে না হতেই এখন প্রার্থীদের মনে প্রশ্ন জেগেছে, ফল কবে প্রকাশিত হবে?
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, কমিশন ঘোষিত ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে প্রিলিমিনারির ফলাফল প্রকাশের জোর প্রস্তুতি চলছে। নির্ধারিত সূচি অনুযায়ীই প্রার্থীরা খুব শিগগির তাদের কাঙ্ক্ষিত ফলাফল হাতে পাবেন বলে আশা করা হচ্ছে।
জানিয়েছে, প্রিলিমিনারি থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ১২ মাসের মধ্যে শেষ করার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নেই কাজ করছে কমিশন। এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের লক্ষ্য সুনির্দিষ্ট। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রে আমরা আধুনিক ওএমআর–প্রযুক্তি ব্যবহার করছি যাতে নির্ভুলভাবে এবং দ্রুততম সময়ে কাজ শেষ করা যায়। কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফল প্রকাশ করা হবে।’
এবারের ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ পরীক্ষার্থী। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ-এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার প্রশ্নপত্রে বানান ভুল নিয়ে আলোচনা চলছে।
৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম চলবে। ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে শূন্য পদের সংখ্যা ৬৫০। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারেও বিপুলসংখ্যক পদে জনবল নিয়োগ করা হবে।