নোয়াখালীতে নির্বাচন ঘিরে আনসার ও ভিডিপির প্রস্তুতি সভা
ফাইল ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে জেলার সকল উপজেলার প্রায় ১১ হাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এই প্রস্তুতিমূলক সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে নির্বাচনে ভোটারদের সহায়তা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বলেন, নির্বাচনের দিন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তার ফাস্ট লাইন হিসেবে উপস্থিত থাকবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে থাকবেন ৩ জন অস্ত্রধারী ও ৪ জন নারী সদস্য।
এ ছাড়াও প্রতিটি কেন্দ্রে ২ জন সদস্য মোবাইল ক্যামেরার মাধ্যমে মনিটরিং করবেন এবং প্রতি ঘণ্টায় জেলার রিটার্নিং কর্মকর্তাকে পরিস্থিতি সম্পর্কে আপডেট প্রদান করবেন বলে জানান তিনি।
আনসার ও ভিডিপি কুমিল্লা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ প্রমুখ।