২৫ দিনের মাথায় একইস্থান থেকে ফের গলিত লাশ উদ্ধার

২৫ দিনের মাথায় একইস্থান থেকে ফের গলিত লাশ উদ্ধার

সংগ্রহীত ছবি

২৫ দিনের মাথায় প্রায় ১৫০ গজের মধ্যে বগুড়ার আদমদীঘিতে সড়কের পাশের ডোবা থেকে আরেকটি অজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামের ওই জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত দুই লাশের কোনোটিরই পরিচয় মেলেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে নওগাঁ-নাটোর বাইপাস সড়কে পশ্চিমপাশের ডোবা থেকে অজ্ঞাত একটি গলিত মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত ১০ জানুয়ারি এই ঘটনাস্থল থেকে মাত্র ১৫০-২০০ গজ দক্ষিণপাশে জনৈক লছিরের বাগান এলাকায় ২৮ বছর বয়সী আরেক অজ্ঞাত যুবকের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ নিয়ে পাশাপাশি দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের ধারণা, অন্য কোথাও হত্যা করে দুইটি লাশ এখানে এনে ফেলে রাখা হতে পারে। দ্রুত পরিচয় শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি তাদের।

আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলী বলেন, খবর পেয়ে গলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহে কোনো মাংস না থাকায় এটি ছেলে না কি মেয়ে- তা শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটির ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগের মরদেহ উদ্ধারের সঙ্গে এই  মরদেহের কোনো প্রাসঙ্গিকতা আছে কি না- তাও তদন্ত করা হবে।