কোপা দেল রের সেমিতে কঠিন প্রতিপক্ষ বার্সার
ছবি: সংগৃহীত
কোপা দেল রে’র সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। আজ অনুষ্ঠিত ড্রয়ে দিয়াগো সিমিওনের ক্লাব আতলেতিকোকেই প্রতিপক্ষ হিসেবে পায় হান্সি ফ্লিকের বার্সেলোনা। অন্য সেমিফাইনালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে অ্যাথলেটিক বিলবাও।
দুই লেগে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। প্রথম লেগ ১০ ও ১২ ফেব্রুয়ারি আতলেতিকো মাদ্রিদের মাঠে অনুষ্ঠিত হবে। ফিরতি লেগ ৩ ও ৫ ফেব্রুয়ারি বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যূতে। দুই লেগের জয়ী দল সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে ফাইনালে খেলবে।
কোয়ার্টার ফাইনালে আলবাসেতেকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে বার্সেলোনা। স্পেনের দ্বিতীয় সারির এই দলটি আগের রাউন্ডে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দেখালেও বার্সার বিপক্ষে আর অঘটন ঘটাতে পারেনি। লামিনে ইয়ামাল ও রোনাল্ড আরাউহোর গোলে জয় পায় কাতালানরা।
অন্যদিকে কোয়ার্টার ফাইনালে রিয়াল বেতিসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আতলেতিকো মাদ্রিদ। দলের হয়ে গোল করেন ডেভিড হানকো, জিওলিয়ানো সিমিওনে, আদেমোলা লুকমান, আঁতোয়ান গ্রিজম্যান ও থিয়াগো আলমাদা।
কোপা দেল রে’র ইতিহাসে সবচেয়ে সফল দল বার্সেলোনা। এখন পর্যন্ত ৩২ বার শিরোপা জিতেছে তারা। দ্বিতীয় সর্বোচ্চ ২৪টি ট্রফি জিতে আছে অ্যাথলেটিক বিলবাও।