জবিতে ছাত্রশিবিরের আয়োজনে ১৮৫ গ্রুপের উদ্ভাবনী আইডিয়া
ছবি: সংগৃহীত
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) চলছে ইয়ুথ আইডিয়া কনটেস্টের প্রদর্শনী। এতে ৩০টি স্টলে মোট ১৮৫টি গ্রুপ তাদের উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে দিনব্যাপী এই আয়োজন শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ ও অবকাশ ভবনের নিচে থাকা স্টলগুলোর বিজয়ীদের জন্য থাকছে চার বিভাগে মোট দুই লাখ টাকার প্রাইজমানি।
আয়োজক সূত্রে জানা গেছে, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এক হাজারেরও বেশি রেজিস্ট্রেশন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১৮৫টি গ্রুপকে চূড়ান্তভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রাথমিক বাছাই শেষে মোট ১৮৪ জন অংশগ্রহণকারীকে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত করা হবে। প্রতিযোগিতাটি চারটি অংশে অনুষ্ঠিত হচ্ছে- পোস্টার, ভিডিও, পেপার এবং প্রোগ্রাম প্রেজেন্টেশন।
এই ইয়ুথ আইডিয়া কনটেস্টের মাধ্যমে তরুণদের সৃজনশীল চিন্তা, গবেষণাধর্মী ভাবনা ও উদ্ভাবনী আইডিয়া তুলে ধরার সুযোগ তৈরি করা হয়েছে বলে জানান আয়োজকরা।
অংশগ্রহণকারী তাহসিন আল মাহাবী জানান, এই প্রতিযোগিতায় সবচেয়ে বড় দিক হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ। পোস্টার, ভিডিও, পেপার ও প্রোগ্রাম প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা একে অন্যের আইডিয়া থেকে শিখছি এবং নিজের চিন্তাকে আরও শাণিত করতে পারছি।
তাহসিন মনে করে, এ ধরনের আয়োজন তরুণদের আত্মবিশ্বাস বাড়ায়। এখানে অংশগ্রহণের মাধ্যমে মঞ্চে কথা বলা, আইডিয়া উপস্থাপন এবং প্রশ্নের উত্তর দেওয়ার অভিজ্ঞতা তৈরি হচ্ছে, যা ভবিষ্যৎ পেশাজীবনে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।
আরেকজন মীর ফাহীম রহমান বলেন, যখন দেখি আমার ভাবনাটা অন্যদের আগ্রহ তৈরি করছে, তখন মনে হয় শ্রমটা সার্থক। এই অনুভূতি আমাদের আরও ভাবতে, আরও জানতে এবং আরও ভালো কিছু করার দিকে এগিয়ে নেয়। নতুন কিছু তৈরির এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে- আমরাও পারি পরিবর্তনের অংশ হতে।