বরিশালের বিএনপির প্রার্থী স্বপনসহ সাত কর্মীকে শোকজ

বরিশালের বিএনপির প্রার্থী স্বপনসহ সাত কর্মীকে শোকজ

ফাইল ছবি

বরিশাল-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় মর্থকদের ওপর হামলা ও হুমকির ঘটনায় বিএনপির প্রার্থীসহ তার সাত কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কমিটির প্রধান বরিশালের যুগ্ম ও জেলা দায়রা জজ মো. মনিরুজ্জামান এই শোকজ দেন। আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) তাদের দপ্তরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কারণ দর্শানোর নোটিশ জারী করে প্রতিবেদন বিচারকের দপ্তরে পাঠানোর জন্য গৌরনদী মডেল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়। 

নোটিশ প্রাপ্তরা হলেন, বরিশাল-১ আসনের বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন, সমর্থক সরিকল গ্রামের বিপ্লব প্যাদা, রুহুল আমিন মৃধা, বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের সেন্টু সিকদার, মশিউর সিকদার, সুমন খান, সাদ্দাম বাজার এলাকার রাসেল হাওলাদার ও ধানডোবা গ্রামের শাহজাহান ফকির। পৃথক তিনটি নোটির একটি বিএনপির প্রার্থীকে, অপর একটিতে তার পাঁচ কর্মী এবং তৃতীয়টিতে দুই কর্মীকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আজ বিকেলে নোটিশ পেয়েছি। পরে প্রত্যেকের নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

জহির উদ্দিন স্বপনকে দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, তার নির্দেশে সমর্থকরা ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তার নেতাকর্মীদেরকে বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন ও মারধর করেছে। এ ঘটনায় তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। 

অন্য দুই নোটিশে উল্লেখ করা হয়েছে, তারা ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক হিসেবে একই আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুস সোবহানের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলাকালে তার কর্মীদেরকে বাঁধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন এবং মারপিট করে শারীরিকভাবে আহত করেছেন। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধান লঙ্ঘন করায় শাস্তিযোগ্য অপরাধ। তাদের একই দিন একই সময়ে হাজির হয়ে ব্যাখা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।