বিএনপির প্রার্থী সামুর রংপুর সদর আসনে গণসংযোগ
সংগৃহীত ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর সদর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন।
শনিবার তিনি রংপুর নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মাহিগঞ্জ আমতলা মোড়ে নির্বাচনী সভা, ১৭ নম্বর ওয়ার্ডের চেকপোস্ট এলাকায় মোটর শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা এবং রামপুরা এলাকায় উঠান বৈঠক করেন। এর আগে সকালে তিনি সিটি বাজারে গণসংযোগ করেন। পরে সদর উপজেলার মমিনপুর, হরিদেবপুর ও খলেয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।
তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রংপুর-৩ আসনের রংপুর সিটি করপোরেশনভুক্ত ২৪টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৫টি ইউনিয়ন চষে বেড়াচ্ছেন। প্রতিদিনই তিনি গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক, সনাতন হিন্দু সম্প্রদায় ও আদিবাসীদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করছেন। এতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। ফলে তার নির্বাচনী প্রচারণা দিন দিন আরও গতিশীল হয়ে উঠছে।
ইতোমধ্যে তিনি রংপুর সিটি করপোরেশনের কোতোয়ালি থানার ১৪টি ওয়ার্ড, হাজিরহাট থানার ৩টি ওয়ার্ড, তাজহাট থানার ৪টি ওয়ার্ড এবং মাহিগঞ্জ থানার ৩টি ওয়ার্ডের একাধিক পাড়া-মহল্লায় গণসংযোগ করেছেন। এসব স্থানে পথসভা ও উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিনি।
এছাড়াও সদর উপজেলার পাগলাপীর, হরিদেবপুর, মমিনপুর, খলেয়া, চন্দনপাট ও সদ্যপুষ্কুরনী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় একাধিকবার গিয়ে গণসংযোগে অংশ নেন। পথসভা, উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
এর আগে, শুক্রবার তিনি ২৫ নম্বর ওয়ার্ডের পূর্ব শালবন মায়াময়ী সড়কে পথসভায় বক্তব্য রাখেন।