মানুষের ভালোবাসায় এমপি হতে চাই : নির্বাচনী উঠান বৈঠকে শহিদুল ইসলাম বাবুল

মানুষের ভালোবাসায় এমপি হতে চাই : নির্বাচনী উঠান বৈঠকে শহিদুল ইসলাম বাবুল

সংগ্রহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এক নির্বাচনী উঠান বৈঠকে বলেন, ‘মানুষের ভালোবাসায় এমপি হতে চাই। কোনো বিদ্বেষ নয়, হিংসা নয়-আপনাদের ভালোবাসায় জীবন উৎসর্গ করতে চাই। আপনাদের আপদে-বিপদে, সুখে-দুঃখে সব সময় পাশে থাকতে চাই।

সারা জীবন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি।

আপনাদের সেবা করার জন্যই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি আছে। চারিদিকে শোনা যাচ্ছে বিএনপির জয়ধ্বনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ।

আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি ফরিদপুরের জনসভায় এসেই আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমাদের এলাকার মানুষ কেমন আছে? আমাকে তিনি অত্যন্ত ভালোবাসেন। তাই, আমাকে যদি আপনারা এ আসনে বিজয়ী করেন, আশা করি সবচেয়ে বেশি উন্নয়ন আমি এ এলাকায় করতে পারব।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় আয়োজিত উঠান বৈঠকে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজিম নগর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম বাবুলের সহধর্মিণী নাজনীন আক্তার লীমা, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মুন্সী, কালামৃধা  ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, সৌদি প্রবাসী বিএনপি নেতা ইমরান সিকদার, মামুন সিকদার ও রুবেল প্রমুখ।

জনতার উদ্দেশ্যে বিএনপি মনোনীত প্রার্থী বাবুল আরো বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে। নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি আছে। আমি হয়তো সবার ঘরে ঘরে পৌঁছাতে পারব না। আপনারা প্রত্যেকে এক একজন শহীদুল ইসলাম বাবুল হয়ে কাজ করবেন।

এসময় তিনি আরো বলেন, পলি মাটিতে সবাই চাষ করে ফসল ঘরে তুলতে পারে কিন্তু কঠিন পাথরে চাষ করা খুবই কঠিন। এই কঠিন কাজ আপনাদের সঙ্গে নিয়ে আমি করার চেষ্টা করছি। দল-মতের ঊর্ধ্বে উঠে আপনাদের সবার ভালোবাসায়, আপনাদের দোয়ায় আমি বিজয়ী হতে চাই‌।’