রূপগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ডে ১০ টি কক্ষ পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রূপগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ডে ১০ টি কক্ষ পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মাদ্রাসার বিভিন্ন মালামালসহ ১০ টি কক্ষ পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন মাদ্রাসা মালিক। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা এলাকায় মাদ্রাসায়ে নুরে মদিনায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, রাত সোয়া ৮টার দিকে রূপগঞ্জে তারাবো পৌরসভার বরপা এলাকায়  মাদ্রাসায়ে নুরে মদীনা নামক মাদ্রাসার নুরানি বিভাগের বন্ধ কক্ষের ভিতরে হঠাৎ করে আগুন জ্বলে উঠে। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। এসময় মাদ্রাসার ভিতরে বিভিন্ন কক্ষে থাকা শিক্ষার্থীরা দৌড়ে দ্রুত মাদ্রাসা থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যায়।

এদিকে,  অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মাদ্রাসার লাইব্রেরিসহ বিভিন্ন কক্ষে রাখা কিতাব, বই,  টেবিল, চেয়ার, ফ্যানসহ ১০টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মওলানা হাবিবুল্লাহ।

ফায়ার সার্ভিস আরো জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।