নবীগঞ্জে বিএনপির বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত
সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জে বড় সমাবেশ করেছে বিএনপি। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত শেরপুর রোডের করিম রেস্ট হাউজে এ বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। দলমত নির্বিশেষে ধানের শীষের পক্ষে জনসমাগম ছিল চোখে পড়ার মতো।
নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মজিদুর রহমান এর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, নবীগঞ্জ ও বাহুবলের মানুষ একবার রেজা কিবরিয়াকে নির্বাচিত করলে এই এলাকার উন্নয়ন কীভাবে হয়, তা সবাই দেখবেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এই আসন অবহেলিত ছিল। রেজা কিবরিয়া একজন পরিচ্ছন্ন মানুষ। তিনি নির্বাচিত হলে ইনশাআল্লাহ মন্ত্রিত্ব পাবেন। আর তিনি মন্ত্রী হলে সবচেয়ে বেশি উপকৃত হবে নবীগঞ্জ ও বাহুবলের মানুষ।
হুমায়ুন কবির আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে চা-শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড বিতরণ, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাপনায় সংস্কার আনা হবে।
তিনি বলেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কৃষি খাতে উৎপাদন বাড়াতে বিএনপি বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করবে। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ড. রেজা কিবরিয়ার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব একযোগে কাজ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে জিকে গউছ বলেছেন, রেজা কিবরিয়া একজন উচ্চ শিক্ষিত এবং ক্লিন ইমেজের মানুষ। তারেক রহমান নিজে পছন্দ করে ওই এলাকার উন্নয়নের জন্য ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে মনোনীত করেছেন। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশের ন্যায় নবীগঞ্জ-বাহুবলের উন্নয়নের অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।
তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও ছিল, এখনও আছে। তাই তিনি সকলকে সর্তক থাকার আহ্বান জানান।
এ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, জেলা যুবদলের আহ্বায়ক ইসলাম তরফদার তনু, ড. রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ ছাবির আহমদ চৌধুরী এবং যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক আবদুল মুকাদ্দিম চৌধুরী নিয়াজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।