ধানের শীষে ভোট দিন, নিরাপদ হাওর গড়ে তুলবো : ফজলুর রহমান

ধানের শীষে ভোট দিন, নিরাপদ হাওর গড়ে তুলবো : ফজলুর রহমান

সংগৃহীত ছবি

অষ্টগ্রাম উপজেলায় শেষ নির্বাচনী জনসভায় কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জনসমাগম দেখে আপ্লুত হন। তিনি বলেন, একদিন এদেশকে স্বাধীন করার জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলাম। আজকে আবারো বলছি, আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই হাওর এলাকাকে যেকোনো মূল্যে নিরাপদ রাখবো। ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের জন্য নিরাপদ হাওড় গড়ে তুলবো।  

সোমবার বিকালে কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা খেলার মাঠে অনুষ্ঠিত তার শেষ নির্বাচনী জনসভা রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়। ‘ফজলুর রহমান’, ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থলসহ আশপাশের এলাকা। 

ফজলুর রহমান আরও বলেন, যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে পারি, বাংলাদেশের সবচেয়ে সুন্দর এলাকা হিসেবে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামকে গড়ে তুলবো। এখানে চুরি, ছিনতাই, হানাহানি, মারামারি, খুনোখুনি হবে না। জ্ঞানী মানুষ, সৎ মানুষের উপযোগী করে এই এলাকাকে গড়ে তোলা হবে। এখানে শ্রমজীবী মানুষ সম্মানিত হবেন। কোনো নিরীহ মানুষকে সবল মানুষ অত্যাচার-নির্যাতন করতে পারবে না। সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে একসঙ্গে শান্তিতে বসবাস করবে। 

তিনি বলেন, একটি সুন্দর বাংলাদেশের জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা যুদ্ধ করছি। কিন্তু এর বিরুদ্ধে একটি চক্রান্ত রয়েছে। কারণ যারা নির্বাচন করলে জামানত নষ্ট হবে, তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু ১২ তারিখ নির্বাচন হবেই। সেই নির্বাচনে আমরা আল্লাহর রহমতে জয়লাভ করবো। তারেক রহমান হবেন এই দেশের প্রধানমন্ত্রী। 

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিএনপি’র কোনো বিকল্প নেই। এই দেশকে জ্ঞানে-বিজ্ঞানে, শিক্ষা-দীক্ষায়, চিন্তায়-চেতনায়, সংস্কৃতিতে একটা আধুনিক দেশ বানাতে হবে। এই দেশটা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টানের একটা দেশ। হিন্দু-মুসলমান আমরা বসবাস করবো একসঙ্গে, কেউ কারও গায়ে হাত দেবো না। 

উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের সভাপতিত্বে জনসভায় অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হোসেন বাবু, সহ-সভাপতি গিয়াস উদ্দিন আশরাফ, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুবুল আলম আকতার প্রমুখ বক্তব্য রাখেন। জনসভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল।