অনলাইনে পণ্য কিনে বারবার রিটার্ন করলেই বন্ধ হবে অ্যাকাউন্ট

অনলাইনে পণ্য কিনে বারবার রিটার্ন করলেই বন্ধ হবে অ্যাকাউন্ট

ছবি: সংগৃহীত

অনলাইন কেনাকাটায় পণ্য পছন্দ না হলে বা ত্রুটি থাকলে তা ফেরত দেওয়ার (রিটার্ন) সুবিধা গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়। তবে এই সুবিধার অপব্যবহার ঠেকাতে এবার কঠোর অবস্থান নিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। কোনো কারণ ছাড়াই বারবার পণ্য রিটার্ন, অর্ডার বাতিল বা রিফান্ড দাবি করলে সংশ্লিষ্ট গ্রাহকের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার বড় সতর্কতা জারি করেছে সংস্থাটি।

কড়াকড়ি কেন?

অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, রিটার্ন প্রক্রিয়ায় লজিস্টিকস, মান যাচাই এবং পুনঃপ্যাকেজিংয়ের পেছনে বিশাল অংকের খরচ হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, অ-রিটার্নযোগ্য পণ্য যেমন—খাদ্যদ্রব্য বা প্রসাধনী কিনেও অনেকে কৌশলে রিফান্ড দাবি করেন। এই ধরনের অনিয়ম ও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্যাটার্ন রুখতেই প্রতিষ্ঠানটি এখন 'রিটার্ন' বা 'রিফান্ড' নীতি আরও কঠোরভাবে প্রয়োগ করছে।

যে সব আচরণে ঝুঁকি বাড়বে

অ্যামাজন মূলত গ্রাহকের দীর্ঘমেয়াদী আচরণের ওপর নজর রাখছে। নিচের কাজগুলো করলে আপনার অ্যাকাউন্টটি তদন্তের আওতায় আসতে পারে:

বারবার পণ্য ফেরত দেওয়া বা শিপমেন্টের পর অর্ডার বাতিল করা।

অ-রিটার্নযোগ্য পণ্যের জন্য রিফান্ডের জোরাজুরি করা।

একই পণ্যের একাধিক সাইজ বা রঙ অর্ডার করে বাকিগুলো ফেরত দেওয়া।

ঘন ঘন "আর প্রয়োজন নেই" (No longer needed) এই কারণ দেখিয়ে রিটার্ন করা।

অ্যাকাউন্ট ব্লক হলে যা হারাবেন

একবার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে গ্রাহক তার পুরনো অর্ডারের হিস্টরি, রিফান্ড স্ট্যাটাস, অ্যামাজন পে ব্যালেন্স এবং গিফট কার্ডের সুবিধা হারাবেন। এমনকি আমাজন প্রাইমের মতো প্রিমিয়াম পরিষেবাগুলোতেও আর অ্যাক্সেস পাওয়া যাবে না। অনেক ক্ষেত্রে এই ধরনের অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

সুরক্ষার উপায়

অ্যামাজন গ্রাহকদের পরামর্শ দিয়েছে যে কোনো পণ্য কেনার আগে তার বিবরণ ও রিটার্ন নীতি সাবধানে পড়তে। অপ্রয়োজনীয় রিটার্ন এড়িয়ে চলতে হবে এবং ত্রুটিপূর্ণ পণ্যের ক্ষেত্রে রিফান্ডের বদলে 'রিপ্লেসমেন্ট' বা পরিবর্তনের আবেদন করা বেশি নিরাপদ।