ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়েও ভোট দিতে যাবেন হিরো আলম
ছবি: সংগৃহীত।
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এ পরোয়ানা জারি করা হয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন। এমতাবস্থায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই নিজ এলাকায় ভোট দিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
নাগরিক হিসেবে ভোট দেওয়া তার সাংবিধানিক অধিকার উল্লেখ করে গণমাধ্যমকে এই আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর জানান, কোনো পরিস্থিতিতেই তিনি ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকবেন না। হিরো আলম বলেন, ‘আমি এলাকার দিকে রওনা হয়েছি। রাতের মধ্যে এলাকায় চলে যাব। মামলা তো ভুয়া। নির্বাচনের পর আমি আদালত যাব।’
মামলার এজাহার থেকে জানা যায়, ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হিরো আলম ঘটনাটি অস্বীকার করলে সাদিয়া রহমান মিথিলা ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হিরো আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায়। পরবর্তীতে আদালত অভিযোগটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।