মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের সংঘর্ষ, আহত ৩
ফাইল ছবি
মুন্সীগঞ্জের বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে কমপক্ষে তিন জন আহত হয়েছেন।
বুধবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার শিলই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ইকবাল হোসেন (৩২), জয় ব্যাপারি (৩৮) ও জুয়েল শেখ (৪০)।
আহত জয় ব্যাপারি বলেন, বিএনপির সমর্থকরা একটি মিছিল নিয়ে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে আসলে আমরা তাদের মিছিল করতে বাধা দিই, কারণ নির্বাচনের প্রচারণার সময় শেষ হয়ে গিয়েছে। এতে তারা ক্ষিপ্ত হয়ে লোহার রড, লাঠি ও ডাসা দিয়ে আমাদের উপর হামলা করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, পুলিশের একটি টিম ইতোমধ্যে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আমরা এখন সেখানে যাচ্ছি। কি কারণে সংঘর্ষ ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে শুনেছি, বিএনপির সমর্থকরা সে এলাকায় গেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছে।
মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।