রাজবাড়ীতে বিএনপি সমর্থকের ১০ দিনের কারাদণ্ড
ফাইল ছবি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নির্বাচনে অবৈধভাবে প্রভাব বিস্তার, নাশকতা সৃষ্টি ও ইট পাটকেল মজুদ করার অভিযোগে হিলাল উদ্দীন নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে বালিয়াকান্দি উপজেলার সহকারি কমিশনার(ভূমি) এহসানুল হক শিপন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
হিলাল উদ্দীন বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আজগর আলী মন্ডলের ছেলে।
সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, দুপুরে বালিয়াকান্দি সেনা ক্যাম্পের কমান্ডার মেজর রুবাইয়াতসহ একজন সেনা সদস্য নারুয়া বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে নারুয়া বাজারে হিলালের দোকান থেকে ৫৫টি লাঠি, ৫ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়। তার উদ্দেশ্য ছিল নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার করে নাশকতার সৃষ্টির চেষ্টা।
তিনি আরও বলেন, অভিযানের সময় তার ঘরে বিএনপি প্রার্থী হারুন অর রশিদ হারুদের নির্বাচনী প্রচারণার পোস্টার পাওয়া গেছে। ঘটনার সত্যতা থাকায় তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১ (চ) ধারায় ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।