কালীগঞ্জে ১২৪ কেন্দ্রে পৌঁছেছে ব্যালট বাক্স, অতিরিক্ত নিরাপত্তা
সংগ্রহীত ছবি
আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে সকল কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে গেছে। রাতের জন্য কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এই চিত্র দেখা গেছে।
সরেজমিন কালীগঞ্জ উপজেলার জাঙালিয়া ইউনিয়নের নরুন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ব্যালট বাক্সসহ ভোটগ্রহণ কর্মকর্তারা কেন্দ্রে অবস্থান করছেন।
এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শরিফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯৬০ জন। পোস্টাল ব্যালটসহ ভোটার ৩ হাজার ১৯টি।
তিনি বলেন, ব্যালট বাক্সসহ অবস্থান করছি। নিরাপত্তা নিশ্চিত আছে, ঝুঁকি দেখছি না এখনো।
একই ধরনের বক্তব্য দিয়েছেন নরুন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আজমতপুর স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম কালের কণ্ঠকে জানান, গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে মোট ভোটকেন্দ্র ১২৪টি।
ভোট কক্ষ ৬৭৮টি মোট ভোটার ৩ লাখ ৫৪ হাজার ৬৪৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯৩ জন। মহিলা ভোটার ১ লাখ ৭৫ হাজার ৪৪৭ ভোট। হিজড়া ভোটার ২ জন। সব ব্যালট বাক্সসহ ভোটগ্রহণ কর্মকর্তারা কেন্দ্রে অবস্থান করছেন।
কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।