রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, চামেলীবাগ গোল্ডেন ইরা কিডস স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টার, টিএন্ডটি উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ভোটগ্রহণের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
এসময় তিনি আরও বলেন, এবারের নির্বাচন ঐতিহাসিক হয়ে থাকবে এবং জাতির কাছে একটি উদাহরণ হিসেবে বিবেচিত হবে।