প্রশাসনের ভূমিকা খুব একটা আশানুরূপ নয়: আসিফ
ফাইল ছবি
এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, নোয়াখালী ৬ আসনসহ কিছু আসনে একেবারে দলমত নির্বিশেষে কোনো ভোটারকে কিছু কেন্দ্রে যেতে দিচ্ছে না। কারণ তাদের একটা ভয় হচ্ছে যদি ভোটাররা কেন্দ্রে যায় তাহলে সেখানে শাপলাকলির বিজয় হবে। সে কারণে কোনো ভোটারদেরকে কেন্দ্রে যেতে দিচ্ছে না। এটা খুবই লজ্জাজনক এবং সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা খুব একটা আশানুরূপ নয়।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোটপ্রদান শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা খুবই হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে সংশ্লিষ্ট যারা আছেন তাদের ক্ষেত্রে। গতকাল রাতে আমাদের প্রার্থীদের বিভিন্ন আসনে সহিংসতা হয়েছে। আমাদের প্রার্থীদের এজেন্টদের বাড়িতে হামলা করা হয়েছে, সমর্থকদের বাড়িতে হামলা করা হয়েছে, আগুন দেয়া হয়েছে, মারামারি হয়েছে, সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা প্রশাসনের সাথে অনেক ক্ষেত্রে আসলে যোগাযোগই করতে পারিনি। কারণ এরকম একটা ক্রাইসিস টাইমে যদি আমি রিটার্নিং কর্মকর্তাকে ফোনে না পাই, ম্যাজিস্ট্রেটকে ফোনে না পাই, এসপিকে ফোনে না পাই তাহলে এটা খুবই দুঃখজনক। কিছু জায়গায় প্রশাসনের সাথে যোগাযোগ করা যায়নি, কিছু জায়গায় যোগাযোগ করা গেলেও আমরা কুইক রেসপন্সটা পাইনি। সেক্ষেত্রে দেখা গেছে স্থানীয়ভাবে আমাদের প্রার্থীদের, আমাদের সমর্থকদেরকেও প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে। যে দায়িত্বটা আসলে প্রশাসনের ছিল।
তিনি আরও বলেন, আমি আগে দুইটা নির্বাচনে ভোট দিতে পারিনি। এবারই প্রথম ভোট দিতে পারলাম এবং এটা মনে হয় আমাদের মত আরো প্রায় চার কোটি তরুণ ভোটারদের জন্য প্রথম ভোট দেয়ার অভিজ্ঞতা। সারাদেশে যেই মানুষ বাধভাঙ্গা উল্লাস নিয়ে ভোট দিতে যাচ্ছেন প্রত্যেকে যার যার ভোট প্রদান করে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন এবং প্রত্যেকটি জায়গায় যেন শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য আমরা বারবারই আহ্বান জানিয়ে আসছি।