যশোরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
সংগ্রহীত ছবি
যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে একটি ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আকিজ জুট মিল সংলগ্ন সরকার গ্রুপ-এর ওই ভবনের পঞ্চম তলায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবনের কর্মরত শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পঞ্চম তলার একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুন পুরো তলায় ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে আতঙ্কিত ভবন মালিক ও ভাড়াটিয়ারা প্রাণ বাঁচাতে ভবনের ছাদে আশ্রয় নেন। খবর পেয়ে নওয়াপাড়া ও যশোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডে পঞ্চম তলায় থাকা ভবন মালিকের দুই ভাইয়ের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় ছাদে আটকে পড়া নারী ও শিশুসহ সবাইকে নিরাপদভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার কাজ চলাকালে ফায়ার সার্ভিসের একজন কর্মী অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
যশোর জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। ভবনের ভেতরের ডেকোরেশন ও ফলস সিলিংয়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।
তদন্ত শেষে বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।