চৌগাছায় ছুরিকাঘাতে বিএনপি নেতা গুরুতর আহত, পাল্টাপাল্টি অভিযোগ
প্রতিকি ছবি
যশোরের চৌগাছায় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মোহাম্মদ বাবু (৪৫) নামে ওই নেতা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত বাবুকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বাবু চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তার বাড়ি চারাবাড়ি গ্রামে।
বাবু অভিযোগ করেন, নির্বাচনে তিনি ছিলেন ধানের শীষের কর্মী। তাদের ভোটকেন্দ্রে রায়নগর প্রাথমিক বিদ্যালয়ে দাঁড়িপাল্লা পাস করতে না পারায় জামায়াত-শিবিরের লোকজন ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়।
আহত বাবু ও ফুলসারা ইউনিয়ন কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে বাবু রায়নগর বাজারে যান। ওই সময় রায়নগর গ্রামের জামায়াতকর্মী সাইফুল্লাহ তার সঙ্গী কাউসার আলী, ইমদাদুল, মনির মেম্বার, রহমানসহ ৭-৮ জন বাবুর ওপর হামলা চালায় ও কিলঘুষি মারতে থাকে। একপর্যায়ে সাইফুল্লাহ পেছন থেকে বাবুর পিঠে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
তবে এ ব্যাপারে স্থানীয় জামায়াত কর্মীরা জানায়, সকাল ১০টার দিকে বাজারে চায়ের দোকানে ওয়ার্ড জামায়াতের কর্মী হাফেজ বাহাউদ্দিন বসেছিলেন। ওই সময় বিএনপি কর্মীরা তাকে মারধর শুরু করে। তাকে ঠেকাতে গিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রহিদুল খান বলেন, বৃহস্পতিবার ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতের কর্মীদের তর্কবিতর্কের জেরে শুক্রবারের এই ঘটনা ঘটেছে।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানিয়েছেন, মোহাম্মদ বাবুর পিঠের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছে। সেখানকার ক্ষত বেশ গভীর।
চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, মারামারির ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে টহল টিম পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।