রূপগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রূপগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর রূপগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্দিষ্ট স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তর করা হয়েছে। তবে অভিযানে অভিযুক্তরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি পরিত্যক্ত ভবনে অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে তদন্ত চলছে। 

স্থানীয়রা জানান, যৌথ বাহিনীর এমন অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধ দমনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পারভেজ ও তার সহযোগী মাছিমপুর এলাকায় অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগতভাবে এলাকাটি ঘিরে ফেলে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী। অভিযান দল তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে দুইটি অস্ত্র ও তিন রাউন্ড গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।