থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে রোমাঞ্চকর এক ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ নারী দল। মাত্র ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও শেষ ওভারের নাটকীয়তায় জয় নিশ্চিত করে ফাহিমা খাতুনের দল।
এই জয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমিফাইনালের আরও কাছে পৌঁছে গেছে বাংলাদেশ। দুই ম্যাচে দুই জয় নিয়ে তাদের পয়েন্ট ৪। আগের ম্যাচে তারা শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়েছিল। শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের সংগ্রহ সমান ২ পয়েন্ট করে। আগামী ১৮ ফেব্রুয়ারি শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
১০৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। ইসমা তানজিম, শারমিন সুলতানা ও রুবাইয়া হায়দার ঝিলিক দ্রুত ফিরে গেলে চাপে পড়ে দল।
এরপর সারমিন সুলতানা ও লতা মণ্ডল হাল ধরেন। সারমিন করেন ২৬ রান এবং লতা করেন ৩০ রান। তাদের জুটিতে দল ঘুরে দাঁড়ালেও শেষ দিকে আবার চাপে পড়ে বাংলাদেশ।
শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১২ রান। প্রথম বলে ১ রান নিয়ে ফারজানাকে স্ট্রাইক দেন শরিফা খাতুন। দ্বিতীয় বলে ফারজানার বাউন্ডারি। তৃতীয় বলে দুর্দান্ত ছক্কা।
তখন শেষ তিন বলে দরকার মাত্র ১ রান। চতুর্থ বলে আউট হয়ে যান ফারজানা ইয়াসমিন। তবে পঞ্চম বলে ১ রান নিয়ে জয় নিশ্চিত করেন জান্নাতুল ফেরদৌস। ফারজানা ১৫ বলে ২৩ রান করেন (৩ চার ও ১ ছক্কা)। ম্যাচ জেতানো ইনিংস খেলে তিনিই হয়েছেন সেরা খেলোয়াড়।
সেমিফাইনালে উঠতে এখন মালয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ভালো ফলই যথেষ্ট হতে পারে বাংলাদেশের মেয়েদের জন্য।