একদিনও লাগল না, ১৮০ ডিগ্রিতে সুর পাল্টে গেল

একদিনও লাগল না, ১৮০ ডিগ্রিতে সুর পাল্টে গেল

ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্কের ঝড় তুলেছিলেন সাবেক গতির ঝড় 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' শোয়েব আখতার। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের কাছে পাকিস্তানের লজ্জাজনক হারের পর তিনি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে একদম খোলাখুলি 'অযোগ্য' এবং 'অশিক্ষিত' বলে সমালোচনা করেন। ভারতীয় চ্যানেল এবিপি নিউজে দেওয়া সাক্ষাৎকারে তার এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

কিন্তু একদিন না যেতেই শোয়েব তার অবস্থান পুরোপুরি বদলে ফেলেন। পাকিস্তানের এআরওয়াই নিউজে কথা বলতে গিয়ে তিনি সাফ জানিয়ে দেন যে, 'অযোগ্য' ও 'অদক্ষ' জাতীয় শব্দগুলো মহসিন নাকভিকে সরাসরি উদ্দেশ করে বলা হয়নি। বরং এগুলো পাকিস্তান ক্রিকেটের সামগ্রিক নেতৃত্ব ও প্রশাসনের দুর্বলতার প্রসঙ্গে ছিল। 

তিনি আরও যোগ করেন, "মহসিন নাকভি ভাই একজন ভালো মানুষ। তিনি পাকিস্তান ক্রিকেটকে সত্যিই সাহায্য করতে চান, কিন্তু সঠিক পরামর্শদাতা বা সাপোর্ট না পাওয়ায় সমস্যা হচ্ছে। তার বিরুদ্ধে কোনো ভুল কথা বলা উচিত নয়।"

এদিকে, শোয়েব আখতার তার অসন্তোষ লুকাননি। বিশেষ করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পিসিবির অবস্থানে হঠাৎ পরিবর্তন (ইউ-টার্ন) নিয়ে তিনি এখনও ক্ষুব্ধ। তিনি বলেন, "আমি খুব রাগান্বিত। নাকভি সাহেব প্রথমে একটা শক্ত অবস্থান নিয়েছিলেন, পুরো কমিউনিটি তার পাশে ছিল। কিন্তু হঠাৎ করে সেই অবস্থান থেকে সরে আসা ঠিক হয়নি। অন্তত আমার সঙ্গে একবার কথা বলে নিতে পারতেন।"

উল্লেখ্য, মহসিন নাকভি শুধু পিসিবির চেয়ারম্যান নন, তিনি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও সামলাচ্ছেন।