দৌলতপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে তালাবদ্ধ কক্ষ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম উজ্জ্বল হোসেন (৩৫), তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের ইমাম হোসেনের ছেলে।

মঙ্গলবার বিকেলে উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রায় দেড় বছর ধরে বাড়িটিতে ভাড়া থাকতেন তিনি।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল হোসেন ওই বাড়িতে একাই বসবাস করতেন। মাঝে মাঝে তার ট্রাকের হেলপাররা সেখানে আসতেন। 

বাড়ির মালিক জানান, চলতি মাসের ১০ তারিখে উজ্জ্বলের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। সে সময় তিনি তিনহাজার টাকা ভাড়ার বকেয়া পরিশোধ করেন। এরপর গত কয়েকদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বিকেলে ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির মালিকের সন্দেহ হয়। বিষয়টি তখনই দৌলতপুর থানা পুলিশকে জানানো হয়।

​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তাকে হত্যা করে খুনিরা পালিয়ে গেছে। মরদেহটি বিকৃত হয়ে যাওয়ায় বিস্তারিত তথ্যের জন্য ময়নাতদন্তের ওপর জোর দিচ্ছে পুলিশ।

​দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ‘বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসে কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’