ফেনীতে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
প্রতিকী ছবি
বেসরকারি সংস্থার (এনজিও) ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় কামরু জাহান (৪৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের আবদুল কাদেররের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত কামরু জাহান উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের দুবাই প্রবাসী আবদুল কাদেরের স্ত্রী। তার ৪ মেয়ে রয়েছে।
জাহানের লাশ দেবরের ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও মৃত ব্যক্তির স্বজনরা জানান, কামরু জাহান বেসরকারি সংস্থা জাগরণ ফাউন্ডেশন, আর আর এর ফাউন্ডেশন, পি এম এস, রিক ব্যাংক, প্রত্যাশী এনজিও প্রতিষ্ঠান থেকে ১০ লাখ টাকার ঋণ নেন। ঋণ দাতাদের টাকা পরিশোধের চাপ সহ্য করতে না পেরে দেবরের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
মেয়ের জামাই কামরুল হাসান বলেন, আমার শাশুড়ি বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নেওয়ার পাশাপাশি নগদ কিছু সুদের টাকা পরিশোধ না করাতে টাকার মালিক বাড়িতে এসে চাপ সৃষ্টি করলে বাধ্য হয়ে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
জানা গেছে, তার স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকলেও পরিবারের খবর ঠিকমতো নিত না বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা আরো জানান, জাহান এনজিও থেকে লোন নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এনজিওর লোকজন ঋণের টাকা চাইতে আসলে সে দেবরের ঘরে গিয়ে লুকিয়ে থাকেন। কিন্তু কোনো এক সময় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলম জানান, আত্মহত্যাকারী কামরু জাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বলা যাবে এটি আত্মহত্যা কিনা। পরিবারের সদস্যরা মামলা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।