টঙ্গীতে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
গাজীপুরের টঙ্গীতে আবাসিক হোটেল থেকে রাসেল (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আজ বুধবার বিকেল ৪টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকার হোটেল বিক্রমপুর (আবাসিক) থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাসেল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নায়কান্দি ভুঁইয়াপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন বাবুর্চি ছিলেন।
হোটেল ম্যানেজার কাজল বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হোটেলে এসে দ্বিতীয় তলার ২৪ নম্বর কক্ষে ওঠেন রাসেল। পরে আজ বেলা সাড়ে ১১টার দিকে হোটেলের পরিচ্ছন্নতাকর্মী রুম পরিষ্কার করতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন। পরে হোটেল কর্তৃপক্ষ তার রুম থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশের খবর দেয়। পরে পুলিশ রুমের দরজা ভেঙে রাসেলকে মৃত অবস্থায় বিছানার ওপর পড়ে থাকতে দেখে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।