নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় ঘিরে উত্তেজনা, আটক ৫

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় ঘিরে উত্তেজনা, আটক ৫

প্রতিকি ছবি

১৮ মাস পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ ও ব্যানার টাঙানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন রয়েছে।

বুধবার সকালে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা–কর্মী মিছিল নিয়ে এসে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে কিছু সময় অবস্থান করে স্লোগান দেন এবং একটি ব্যানার টাঙিয়ে চলে যান। ব্যানারে লেখা ছিল, ‘দীর্ঘ আঠারো মাস পর নোয়াখালী জেলা আ.লীগের কার্যালয় আজ থেকে অবমুক্ত করা হলো।’

জেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা জানান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাছিনা চৌধুরীর তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়।

এ ঘটনার পর জেলা বিএনপি ও যুবদলের নেতা–কর্মীরা মাইজদী টাউন হল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে ব্যানার খুলে ফেলেন এবং পুনরায় গেটে তালা লাগিয়ে দেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।

এদিকে ‘জুলাই ঐক্য’ ব্যানারে কিছু শিক্ষার্থী আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেন এবং কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে তারা কার্যালয়ের গেটে লেখালেখি করেন ও ব্যানার টাঙান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, তালা ভাঙার ঘটনার পর অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত। ভিডিও ফুটেজ দেখে অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সফিকুল ইসলাম, কাউছার, জিয়াউল, আবু সাইদ ও বিদ্যুৎ রঞ্জন পালকে আটক করা হয়েছে।